জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মহম্মদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতি মিস্ত্রি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত সেন, উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায়, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মহম্মদপুর শাখার সভাপতি মোঃ মানজারুল ইসলাম মনির।
বক্তারা বলেন, মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং গ্রামীণ পর্যায়ে মাছ চাষে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রদর্শনী পুকুরের মাধ্যমে নতুন প্রযুক্তি ও সমন্বিত কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে চাষিরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। ছবি সংগৃহীত।


