২টি ইতালিয়ান পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ০৬ রাউন্ড গুলিসহ মাদক উদ্ধার

২টি ইতালিয়ান পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ০৬ রাউন্ড গুলিসহ মাদক উদ্ধার

মো: মাসুদ রানা (কালীগঞ্জ) ঝিনাইদহ:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী এক সফল অভিযান পরিচালনা করে দু’টি দামী ও অত্যাধুনিক বিদেশি পিস্তল (Made in Italy), ৪টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। আজ শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সামন্তা সীমান্তে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে বিক্রয় নিষিদ্ধ ২৪ বোতল ভারতীয় এসকফ (Eskuf) সিরাপও জব্দ করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোরে বিজিবির কাছে একটি গোপন সংবাদ আসে যে, সীমান্ত দিয়ে বড় ধরনের একটি অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ চৌকস টহল দল সামন্তা সীমান্তের বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলের মধ্যে অবস্থান নেয়।

টহলরত অবস্থায় বিজিবি সদস্যরা দুই জন অজ্ঞাতপরিচয় চোরাকারবারিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে এবং আটকের ভয়ে চোরাকারবারিরা তাদের সাথে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে দৌড়ে শূন্য লাইন অতিক্রম করে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে চোরাকারবারিদের ফেলে যাওয়া সেই সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগটি উদ্ধার করেন। ব্যাগটি খোলার পর ভেতরে থাকা একটি শক্ত কাগজের কার্টুনের মধ্য থেকে ইতালির তৈরি ০২টি বিদেশি পিস্তল, ০৪টি খালি ম্যাগাজিন, ০৬ রাউন্ড তাজা গুলি এবং ভারতীয় ২৪ বোতল এসকফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং এসকফ সিরাপের চালানটি আইনগত প্রক্রিয়া মেনে নিয়মিত এজাহারের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে অস্ত্র ও মাদকসহ সব ধরণের অবৈধ চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর ও কঠোর গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *