হার্ট ফাউন্ডেশনের জন্য জমি বরাদ্দ দিল সরকার

হার্ট ফাউন্ডেশনের জন্য জমি বরাদ্দ দিল সরকার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে হৃদরোগের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘যশোর হার্ট ফাউন্ডেশন’র জন্য জমি বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার সরকারের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।

মাত্র এক বছর বয়সী প্রতিষ্ঠানটির এ অর্জনে যশোরবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। এর মাধ্যমে যশোর হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা আরেক ধাপ এগিয়ে গেল।
ফাউন্ডেশনের সভাপতি, দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা.এমএম রশিদ বলেন, ঐতিহ্যবাহী জেলা যশোরে এখনো পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন হৃদরোগ চিকিৎসার স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে জটিল রোগে আক্রান্তদের ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে যেতে হয়। এই বাস্তবতায় বৃহত্তর যশোর অঞ্চলের জন্য একটি পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা সময়ের দাবি ছিল।
তিনি জানান, সেই লক্ষ্যেই গত বছরের এপ্রিল মাসে খাস জমি বরাদ্দের জন্য আবেদন করা হয়। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় শহরতলীর মালঞ্চী এলাকায় এক একর পাঁচ শতক জমি ফাউন্ডেশনের নামে বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জমি বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে ।বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জমির রেজিস্ট্রি শেষে ফাউন্ডেশনের নির্বাহী কমিটির কাছে কাগজপত্র হস্তান্তর করা হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা জানান,২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি শহরের এমকে রোডে অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির প্রথম সভার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অনুমোদন, গঠনতন্ত্র প্রণয়ন, সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধন এবং বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সম্পন্ন করা হয়। জমি বরাদ্দ পাওয়াকে তিনি একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
এদিকে, জমির কাগজপত্র হস্তান্তরের সময় জেলা প্রশাসকের দপ্তরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহাসিক এ মুহূর্তে ফাউন্ডেশনের পক্ষ থেকে মিষ্টিমুখের আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, ডেপুটি কালেক্টর রেভিনিউ) বাসুদেব কুমার মালো উপস্থিত ছিলেন। হার্ট ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব শফিউল হক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী চিন্ময় সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, সদস্য রফিকুল ইসলাম আরজু, তবিবর রহমান, আতিয়ার রহমান, খান তাজ উদ্দিন, শ্রাবস্তী আহমেদ, অধ্যক্ষ মাহাবুবুর রহমান প্রমুখ । ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *