নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা:
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ৬৩ লাখ টাকা মূল্যের দুটি সোনার বারসহ শিউলি আক্তার (২৩) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে সোনা পাচারের একটি বড় চালান ভোমরা সীমান্তের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা নজরদারি জোরদার করেন। বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত শিউলি আক্তার খুলনা রোড মোড় থেকে একটি ইজিবাইকযোগে সীমান্তের দিকে যাওয়ার পথে আলীপুর এলাকায় বিজিবির তল্লাশির মুখে পড়েন।
আটক নারীর শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত সোনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, আটক নারীর বিরুদ্ধে চোরাচালান বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার বিকেলেই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ছবি সংগৃহীত।


