বি এম রাজিব হাসান রাজু, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভয়াবহ মাদক ‘ক্রিস্টাল আইস’ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ কেন্দ্রীয় টার্মিনালে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর থেকে ১ কেজি ৫১০ গ্রাম ওজনের ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৫৫ লাখ টাকা বলে নিশ্চিত করেছে সংস্থাটি। মাদকের এই বড় চালানটি কোথা থেকে এসেছে এবং এর সাথে কারা জড়িত, তা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে র্যাব।
ছবি সংগৃহীত।

