সাতক্ষীরায় নিজের মাছের ঘেরেই লাশ হলেন যুবক!

সাতক্ষীরায় নিজের মাছের ঘেরেই লাশ হলেন যুবক!

ডাক্তার কেরামত আলী,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামে সনজিব সরকার (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ জুলাই) ভোররাতে ঠেকরা-দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথা সংলগ্ন নিজের মাছের ঘেরের বাসার সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কালিগঞ্জ থানা পুলিশ। নিহত সনজিব সরকার ওই উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে সনজিব সরকার তাঁর বাড়ি থেকে বের হন। এরপর রাত ১০টা বেজে গেলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তাঁর কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করতে থাকেন। সারারাত খোঁজাখুঁজির একপর্যায়ে আজ ভোররাতে স্থানীয় এলাকাবাসী সনজিবের নিজের মাছের ঘেরের বাসার সামনে তাঁর নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত সনজিবের ঠোঁটে ও মুখমণ্ডলে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই মৃত্যুকে কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু বলে মানতে নারাজ নিহতের স্বজনেরা। তাঁদের দাবি, পূর্বশত্রুতা বা ঘেরের কোনো বিরোধের জেরে সনজিবকে রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘেরের সামনে ফেলে রাখা হয়েছে। তাঁরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছি। নিহতের ঠোঁটে ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা সন্দেহজনক। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

ওসি আরও জানান, এটি হত্যা নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের নিবিড় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজের মাছের ঘেরে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় রহিমপুর গ্রামজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নিহতের বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতম। প্রতীকী-ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *