শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধে ঝিনাইদহে শুরু হলো জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধে ঝিনাইদহে শুরু হলো জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:

শিশুর অন্ধত্ব রোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিতকরণের লক্ষ্যে ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আজ রবিবার (২৮ জুন) সকালের দিকে ঝিনাইদহ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে এই পুষ্টি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মুখে ক্যাপসুল তুলে দেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা পারভীন, ডা. আলী হাসান ফরিদ জামিলসহ জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তা ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীবৃন্দ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ দিনব্যাপী এই কর্মসূচির আওতায় জেলার ৬টি উপজেলা ও পৌরসভাগুলোতে বয়সভেদে শিশুদের দুটি আলাদা রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ানো হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, ঝিনাইদহ জেলায় আজ ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার১৮০ জন শিশুকে একটি করে ‘নীল’ রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৪ হাজার৪৩৫ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘লাল’ রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে জেলাজুড়ে সর্বমোট ৫০ হাজার৬১৫ জন শিশুকে এই পুষ্টি সুবিধার আওতায় আনার চুরান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনকালে সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, “ভিটামিন ‘এ’ শিশুর চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার পাশাপাশি অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। একটি শিশুও যেন এই জাতীয় কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে জেলার প্রতিটি কেন্দ্রে আমাদের স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।” তিনি ঝিনাইদহ জেলার সকল সচেতন অভিভাবককে তাঁদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে এই ক্যাপসুল খাওয়ানোর উদাত্ত আহ্বান জানান। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *