স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের অভয়নগরে অসতর্কতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মন্ডল (৯০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সরদার মিল এলাকায় যশোর-খুলনা রেলপথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত করুণা কান্তি মন্ডল মণিরামপুর উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা। তিনি পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সরদার মিল এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়, ৯০ বছর বয়সী এই প্রবীণ শিক্ষক দীর্ঘকাল শিক্ষকতা শেষে অবসরে ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি কিছুটা মানসিক বিভ্রান্তিতে ভুগছিলেন এবং প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। শনিবার সকালেও পরিবারের অগোচরে তিনি বের হয়ে দুর্ঘটনার শিকার হন।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে একজন আদর্শ শিক্ষকের এমন করুণ মৃত্যুতে তার ছাত্র সমাজ ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রতীকী-ছবি


