স্ফুলিঙ্গ রিপোর্ট :
শ্রেণিকক্ষে শিক্ষকের সরাসরি নির্দেশনা ছাড়াই কেবল সহপাঠীদের পারস্পরিক চর্চা ও অনুশীলনের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি শেখার পরিবেশ তৈরি করতে এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘বিটিএইচ’। শিক্ষার্থীদের স্বশিক্ষায় উদ্বুদ্ধ করা এবং ছোটবেলা থেকেই নেতৃত্বগুণ বিকাশের উদ্দেশ্যে সংগঠনটি ‘পিয়ার লিডার’ বা ভাষা প্রতিনিধি তৈরির বিশেষ কার্যক্রম শুরু করেছে।
‘ইংরেজি শিখি নিজে নিজে’ স্লোগানকে সামনে রেখে পরিচালিত এই বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) যশোর সদর উপজেলার উপশহর এলাকার বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটে এক বিশেষ উদ্বোধনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সংগঠন বিটিএইচ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা যদি নিজেরা মিলে একটি আনন্দময় ও সহযোগিতামূলক শেখার পরিবেশ তৈরি করতে পারে, তবে যেকোনো কঠিন বিষয় ও ইংরেজি ভাষা শেখা অনেক বেশি সহজ, আনন্দদায়ক ও দীর্ঘস্থায়ী হয়। এই ভাবনা থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির প্রতিটি শাখা থেকে সম্ভাবনাময় ও উৎসাহী শিক্ষার্থীদের বাছাই করে ‘পিয়ার লিডার’ হিসেবে প্রস্তুত করা হবে।
নির্বাচিত এই পিয়ার লিডাররা কোনো শিক্ষক বা অতিরিক্ত গৃহশিক্ষকের সাহায্য ছাড়াই নিজেদের শ্রেণিকক্ষে সহপাঠীদের নিয়ে নিয়মিত ইংরেজি ভাষায় কথা বলা ও চর্চার চর্চাকেন্দ্র গড়ে তুলবে।
কর্মসূচিটি সুশৃঙ্খল রাখতে প্রতি ১৫ দিনে অন্তত একবার পিয়ার লিডারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে এবং তাঁদের অগ্রগতি নিবিড়ভাবে মনিটরিং করবে আয়োজক প্রতিষ্ঠান। আর যারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সহপাঠীদের অনুপ্রাণিত করতে পারবে, তাঁদের সম্মানজনক ‘সার্টিফিকেট অব ল্যাঙ্গুয়েজ লিডারশিপ’ প্রসেসিং ও প্রদান করা হবে।
বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটে আয়োজিত এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার টিটোস হোম স্কুলের অধ্যক্ষ আলী আজম টিটো, স্থানীয় প্রবীণ সাংবাদিক সালমান হাসান রাজিব সহ এলাকার শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছবি সংগৃহীত।

