স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের শংকরপুর রায়পাড়া এলাকায় প্রকাশ্যে ধারালো বার্মিজ চাকু নিয়ে এক নারীকে ভয়ভীতি প্রদর্শন ও স্থানীয়দের ওপর হামলার অভিযোগে মতিয়ার রহমান কাজী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বেলা পৌনে ১২টার দিকে শংকরপুর রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক মতিয়ার রহমান কাজী ওই এলাকার (পশু হাসপাতালের সামনে) মৃত মনিরুল ইসলাম কাজীর ছেলে।
স্থানীয়দের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে মতিয়ার রহমান কাজী আরিফুল ইসলামের বাড়ির উঠানে একা থাকা হেলেনা নামে এক নারীকে বার্মিজ চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও শক্তির মহড়া দেন। এ সময় সামসুন নাহার তাকে নিবৃত্ত করতে গেলে তাকেও চাকু দিয়ে আঘাতের চেষ্টা করা হয়।
একপর্যায়ে চিৎকার শুনে মাসুদ হোসেন সোহেল, কাজী রাহুল ও কাজী রাজুসহ স্থানীয়রা এগিয়ে এলে তাদের সঙ্গে মতিয়ার রহমানের ধস্তাধস্তি হয়। এতে মাসুদ হোসেন সোহেল ও কাজী রাজু আহত হন বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিয়ার রহমান কাজীকে একটি ধারালো বার্মিজ চাকুসহ আটক করে। পরে বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ফাইল ছবি সংগৃহীত।


