স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে এক যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার ভেকুটিয়া বাজার এলাকায় ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জিন্নাতের (৪০) ওপর এই হামলার ঘটনা ঘটে। আহত জিন্নাত বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জিন্নাত জানান, ৫০০ টাকার একটি লেনদেনের তুচ্ছ অজুহাত তোলা হলেও মূলত দলীয় ও অভ্যন্তরীণ বিরোধের জেরেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার সময় তার ভাইপো রাজু ও সহযোগী শাহরুল ইট দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জিন্নাতের দাবি, হামলাকারীরা পরিকল্পিতভাবেই তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেছিল।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন জিন্নাতকে দেখতে যান স্থানীয় প্রভাবশালী ব্যক্তি খাইরুল শেখ। অভিযোগ উঠেছে, তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং ‘যা হওয়ার হয়ে গেছে’ উল্লেখ করে জিন্নাতকে এ বিষয়ে আর বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে, সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীরা হাসপাতালের সার্জারি ওয়ার্ডের অপারেশন থিয়েটারের সামনে গেলে সেখানে এক ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় কৃষক দল নেতা শরীফ সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান। তার দাবি, এটি বড় কোনো ঘটনা নয় এবং নিউজ করার মতো বিষয় নয়। যুবলীগ নেতার ওপর এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ছবি সংগৃহীত।
