গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা :
পটুয়াখালীর গলাচিপায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত গলাচিপা মহিলা কলেজ কেন্দ্রে এই বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়।
গলাচিপা মহিলা কলেজ সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে সাতটি কক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস এবং হিসাববিজ্ঞানসহ মোট চারটি বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রায় এক ঘণ্টা ধরে ৩০৯ জন পরীক্ষার্থীকে মোমবাতি জ্বালিয়ে অন্ধকারাচ্ছন্ন কক্ষে পরীক্ষা দিতে হয়।
গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কেন্দ্র পরিদর্শক ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস জানান, বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা সাময়িকভাবে মোমবাতির আলো ব্যবহার করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে, পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল, তবে দ্রুতই তা পুনরায় চালু করা হয়।
ছবি সংগৃহীত।


