বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:
“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই দূরদর্শী ও সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ফল মেলা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদের সামনের চত্বরে এই ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসীন সাদেক। এ সময় অনুষ্ঠানে বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সার্বিক সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আছাদউজ্জামান খান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, জামায়াতে ইসলামীর কলাপাড়া উপজেলা আমীর আবদুল কাইউম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের ফল মেলায় কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষকেরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নিজেদের বাগানে উৎপাদিত সম্পূর্ণ কেমিক্যাল ও বিষমুক্ত হরেক রকমের দেশীয় ফল প্রদর্শন করছেন। মেলা প্রাঙ্গণে স্থানীয় ফল চাষীদের এই ফল প্রদর্শনী দেখতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বেশ ভালো উপস্থিতি লক্ষ করা গেছে। গ্রামীণ অর্থনীতিতে ফল চাষের ভূমিকা ও পুষ্টির চাহিদা মেটাতে এই মেলা স্থানীয়দের আরও উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

