বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য, কলাপাড়া আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি এবং কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, বিজ্ঞ সিনিয়র আইনজীবী নাথুরাম ভৌমিক আর নেই। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন এবং গত সোমবার (২৯ জুন) রাত সাড়ে বারোটায় কলাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের চিংগড়িয়ায় অবস্থিত নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি মাতা, স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আইনজীবী নাথুরাম ভৌমিক ১৯৯০ সালের ২১ অক্টোবর পটুয়াখালী জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। সুদীর্ঘ ৩৬ বছর তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে আইন পেশায় নিয়োজিত ছিলেন। আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথেও ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তিনি কলাপাড়া পৌরসভার চিংগড়িয়া সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের সভাপতি, কলাপাড়া মদন মোহন সেবাশ্রমের সাবেক সাধারণ সম্পাদক এবং পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ মঙ্গলবার (৩০ জুন) বেলা বারোটায় তাঁর নিজ গ্রামের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায় পারিবারিক শ্মশানে তাঁর শেষ অন্ত্যেষ্টিক্রিয়া (দাহ কাজ) সম্পন্ন হয়।
প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় এই আইনজীবীর মৃত্যুতে কলাপাড়া উপজেলা ও পটুয়াখালী জেলা আইনজীবী অঙ্গনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের আত্মার শান্তি কামনা করে এবং শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সোহাগ।
এছাড়া কলাপাড়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দীন, সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান তালুকদার, সাবেক সভাপতি মোঃ আবদুস সাত্তার হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুস সালাম হাওলাদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলাপাড়া উপজেলা শাখার সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র আইনজীবী মোঃ হাফিজুর রহমান চুন্নু তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু গভীর শোক প্রকাশ করেছেন।
শোক জানিয়েছেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সফল সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, প্রতিষ্ঠাকালীন সদস্য ও সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ।
স্বেচ্ছাসেবী সংগঠন রংধনুর প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির জুয়েল, কলাপাড়া আইনজীবী সহকারী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ এনামুল হক, বর্তমান সভাপতি মোঃ আবদুল হাই হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হক হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম হাওলাদার, সিনিয়র সদস্য মোঃ শাহাবুদ্দিন খান, আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ মুন্সিসহ সকল আইনজীবী ও সহকারী আইনজীবীবৃন্দও শোক প্রকাশ করেছেন।
পাশাপাশি আপন নিউজের কর্ণধার ও কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য পদপ্রার্থী এসএম আলমগীর হোসেন এই বর্ষীয়ান আইনজীবীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। ছবি সংগৃহীত।

