‘মাদক ডন’ জুইন আটকে বুড়িন্দিয়ায় স্বস্তি

‘মাদক ডন’ জুইন আটকে বুড়িন্দিয়ায় স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরের চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার দুর্ধর্ষ আসামি মোঃ জুয়েল রহমান ওরফে জুইনকে (৩৫) বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তবে এই গ্রেফতারকে কেন্দ্র করে মাদক সিন্ডিকেটের সদস্যরা ঘটনা ধামাচাপা দিতে পুলিশকে অনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা এবং ব্যর্থ হয়ে মিথ্যা অপপ্রচার চালানোর চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

অভিযানের নেপথ্যে ও পুলিশের ওপর অনৈতিক চাপ:

অনুসন্ধানে জানা গেছে, গত ২১ এপ্রিল ডিবি পুলিশ জুইনের বাড়িতে বিশেষ অভিযান চালায়। সেখান থেকে ৬০ বোতল নিষিদ্ধ  কফ সিরাপ  এবং নগদ ৩ লক্ষ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উপস্থিত সকলের সামনেই টাকা গণনা করে ৩ লক্ষ ৯৯ হাজার টাকা পাওয়া যায়।

তবে গ্রেফতারের পরপরই জুইনের পরিবার ও তার সুবিধাভোগী সিন্ডিকেটের সদস্যরা বিষয়টি ধামাচাপা দিতে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বিপুল অংকের টাকার প্রলোভন ও অনৈতিক প্রস্তাব দেয়। ডিবি পুলিশ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জুইনকে আটক করায়, ক্ষুব্ধ সিন্ডিকেটটি এলাকা জুড়ে ‘১৫ লাখ টাকা উদ্ধার’ করা হয়েছে বলে মিথ্যা অপপ্রচার শুরু করে। মূলত পুলিশকে বিতর্কিত ও চাপে ফেলতেই এই কাল্পনিক তথ্য ছড়ানো হচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।

জুইনের অপরাধের খতিয়ান (ক্রাইম ফাইল):

অনুসন্ধানে দেখা গেছে, জুইন একজন পেশাদার ও দুর্ধর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বে অপহরণ ও মাদকসহ অন্তত চারটি গুরুতর মামলা রয়েছে: ১. ২১ এপ্রিল ২০২৬: কোতয়ালী থানায় ৬০ বোতল মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার (মামলা নং-৬৯)। ২. ১৫ মে ২০২৩: কোতয়ালী থানায় বড় চালানের মাদকসহ অভিযুক্ত (মামলা নং-৫৪)। ৩. ২৬ সেপ্টেম্বর ২০২৩: কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-১০৬)। ৪. ১৩ আগস্ট ২০১৫: ঝিকরগাছা থানায় অপহরণ ও জখমের মামলা (মামলা নং-১২)।

পরিবারই যখন মাদক সিন্ডিকেট:

এ প্রতিবেদক চৌগাছার বুড়িন্দিয়া গ্রামে সরেজমিনে গিয়ে জানতে পারেন, জুইনের পুরো পরিবার এই মাদক ব্যবসার সাথে জড়িত। এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা এক প্রকার ‘আদি মাদক ব্যবসায়ী’। ভারত থেকে মাদক এনে তারা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে সে পুনরায় বেপরোয়া হয়ে ওঠে।

এলাকাবাসীর আতঙ্ক ও ক্ষোভ:

স্থানীয়দের অভিযোগ, জুইন ও তার পরিবারের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। বছর দুয়েক আগে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক নিরীহ গ্রামবাসীকে মাদক দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল এই জুইন। তার একটি নিজস্ব ‘মাদক সিন্ডিকেট’ থাকায় ভয়ে গ্রামবাসী তটস্থ থাকে। তবে ডিবির এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা পুলিশের বিরুদ্ধে এই অপপ্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ওই পরিবারের বিরুদ্ধে নানা রকমের কটুক্তিও করেন ।গ্রামবাসী এই ‘অপ্রতিরোধ্য’ মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *