স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে নিয়ে আসা ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য এবং বিপুল পরিমাণ অবৈধ কসমেটিক্স ও শাড়ি কাপড়ের একটি বড় চালান সফল অভিযানের মাধ্যমে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (২৪ জুন) ২০২৬ খ্রিষ্টাব্দে দিনভর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন হিজলী ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় এই পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্রে জানা গেছে, আজ বুধবার সীমান্ত পার করে ভারতীয় মালামাল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে— এমন গোপন ও সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল হিজলী ও বেনাপোল সীমান্তের কৌশলগত পয়েন্টগুলোতে কঠোর অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সাথে থাকা বস্তা ও কার্টন ফেলে কৌশলে সীমান্তের ওপারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় নিষিদ্ধ ৬০ বোতল এসকাফ সিরাপ, ০৯টি দামী শাড়ি, ৭৭১টি উন্নতমানের কৃত্রিম চুলের খোঁপা, ০২ প্যাকেট ফুসকা, ০২ প্যাকেট আগরবাতি, ৩৬০টি চকলেট, ৯৩৬টি বিভিন্ন প্রকারের ভারতীয় জীবনরক্ষাকারী ঔষধ এবং ১৩৩টি দামী কসমেটিক্স সামগ্রী জব্দ করতে সক্ষম হয়।
ব্যাটালিয়ন সূত্রে নিশ্চিত করা হয়েছে, আজ দিনভর অভিযানে আটককৃত এই বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকের আনুমানিক বর্তমান বাজারমূল্য সর্বমোট ৩,৫৪,৯৫০/- (তিন লক্ষ চুয়ান্ন হাজার নয়শত পঞ্চাশ) টাকা। ছবি সংগৃহীত।


