নিজস্ব প্রতিবেদক, মাগুরা:
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের মাঠে খেলাধুলা করা নিয়ে স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের বাগ্বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নিজে এবং অফিসের লোকজন খেলবেন বলে শিশুদের মাঠ থেকে বের করে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে ওই মাঠে স্থানীয় শিশু-কিশোররা ক্রিকেট খেলে আসলেও হঠাৎ বাধা হয়ে দাঁড়ান ইউএনও। তিনি শিশুদের মাঠ ছাড়ার নির্দেশ দিলে স্থানীয় বড়রা বিষয়টি মীমাংসা করতে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাতে ক্রিকেট ব্যাট নিয়ে উত্তেজিত অবস্থায় স্থানীয়দের সঙ্গে কথা বলছেন ইউএনও নাজমুল ইসলাম। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “তোমরা এখানে কেন খেলতে আসছো? এই মাঠে আমরা অফিসের লোকজন খেলবো, তোমরা অন্য কোথাও যাও।”
বিকল্প খেলার জায়গা কোথায়—স্থানীয়দের এমন প্রশ্নের জবাবে ইউএনও আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি নিজের শিক্ষাগত যোগ্যতার দোহাই দিয়ে এক ব্যক্তিকে প্রশ্ন করেন, তার সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা ওই ব্যক্তির আছে কি না। একপর্যায়ে তিনি মাঠের পিচ তুলে ফেলার হুমকিও প্রদান করেন।
এলাকাবাসীর দাবি, প্রজন্মের পর প্রজন্ম এই মাঠে খেলাধুলা করে বড় হয়েছে। হঠাৎ এমন নিষেধাজ্ঞা তাদের হতাশ করেছে। খেলোয়াড়রা বলছেন, এই মাঠ শুধু খেলার জায়গা নয়, তাদের বহু স্মৃতির অংশ। ঘটনার পর ইউএনও বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করে সমাধানের আশ্বাস দিলেও রোববার বিকেলে মাঠটি সম্পূর্ণ জনশূন্য অবস্থায় দেখা গেছে। ক্ষোভ ও আতঙ্কে কোনো শিশু-কিশোর আর মাঠে খেলতে আসেনি। ছবি ভিডিও থেকে সংগৃহীত।

