পৈশাচিকতার বিরুদ্ধে কলাপাড়ায় একাট্টা সাংবাদিক ও সুধী সমাজ

পৈশাচিকতার বিরুদ্ধে কলাপাড়ায় একাট্টা সাংবাদিক ও সুধী সমাজ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া :

দেশজুড়ে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক ও উদ্বেগজনক হারে বেড়ে যাওয়া শিশু এবং নারী নির্যাতনের নির্মম ঘটনাগুলোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজপথে নেমেছেন পটুয়াখালীর কলাপাড়ার সর্বস্তরের প্রগতিশীল নাগরিক ও সাংবাদিক সমাজ। “শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই”—এই দৃঢ় ও বজ্রকণ্ঠের দাবিতে আজ শুক্রবার (২২ মে) বিকেলের দিকে কলাপাড়া প্রেসক্লাব চত্বরের সম্মুখ সড়কে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের যৌথ অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে সংহতি জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় প্রবীণ গণমাধ্যমকর্মী, মানবাধিকার কর্মী, নারী নেত্রী এবং তরুণ সমাজকর্মীরা।

প্রথম আলো বন্ধুসভা কলাপাড়া শাখার বর্তমান সভাপতি মোস্তফা জামান সুজনের অত্যন্ত সুশৃঙ্খল সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদী সমাবেশে বক্তারা দেশের চলমান সামাজিক অবক্ষয় ও অপরাধীদের বিচারহীনতার সংস্কৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমান সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু এবং সাধারণ সম্পাদক অমল মুখার্জি বলেন, রাষ্ট্রজুড়ে যেভাবে অবুঝ শিশু ও মা-বোনদের ওপর বর্বরতা ও সহিংসতা বাড়ছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। এই ধরনের জঘন্য অপরাধের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের কোনো প্রকার রাজনৈতিক বা প্রশাসনিক আশ্রয় না দিয়ে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে।

কলাপাড়া উপজেলা মহিলা পরিষদের নেত্রী নমিতা দত্ত, মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক তারেক সুমন এবং বিশিষ্ট স্থপতি ইয়াকুব হোসেন তাঁদের বক্তব্যে স্পষ্ট করেন যে, শুধু ঘরের কোণে বসে ক্ষোভ প্রকাশ করলেই এই সামাজিক ব্যাধি দূর হবে না; বরং নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ ও মানবিক পরিবেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষকে অনতিবিলম্বে ইস্পাতকঠিন সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উক্ত মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, ফরিদ উদ্দিন বিপু, ফরাজি মো. ইমরান, সৈয়দ রাসেল, গৌতম হালদার, সাইফুল ইসলাম রয়েল, আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সুমন, সিপিপি কর্মী শহিদুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রতন, ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী শামীম বেপারী, তানজিল জামান জয়, জেমস জানিব, অনলাইন গণমাধ্যম ‘আপন নিউজ’-এর এস এম আলমগীর হোসেন এবং মো. মবিন হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা একযোগে হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের এই ঐক্যবদ্ধ অবস্থানই পারে সমাজ থেকে অন্যায় ও পৈশাচিকতা দূর করতে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও গ্রামীণ জনপদে নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *