নৌপথ নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব : পায়রা বন্দরের চেয়ারম্যান

নৌপথ নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব : পায়রা বন্দরের চেয়ারম্যান

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল বলেছেন, নৌপথকে নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বন্দর ও আশপাশের এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি বন্দরের আশপাশের নদী পথে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরের নিরাপত্তা বিভাগ স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম পরিচালিত করছে। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জরুরি উদ্ধার সক্ষমতা বৃদ্ধির দিকেও গুরুত্বারোপ করছে বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের কর্মাশিয়াল ভবনে নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বাগত বক্তব্যে পাবক এর হারবার এন্ড মেরিন সদস্য কমডোর মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী বলেন, ২০২৫ সালে সারাদেশে ছোট-বড় প্রায় ১৩২টি নৌ-দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৮ জন মানুষ। আহত হয়েছেন প্রায় ১৩৯ জন। দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন আনুমানিক ৩৮ জন মানুষ। নৌপথে ছোট-বড় দুর্ঘটনা ও ডাকাতি আগের তুলনায় বেড়েছে। ফেরি ঘাটগুলোতে অব্যবস্থাপনা এবং ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তাই নৌযান চালকরা সচেতন হলে এ দূর্ঘটনা রোধ করা সম্ভব।
অনুষ্ঠানে পায়রা বন্দরের সদস্য কমডোর আবদুল লতিফ, হারুন অর রশিদ, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, কলাপাড়া  প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুসহ নৌযান মালিক, চালকরা বক্তব্য রাখেন।
এসময় স্থানীয় জেলে, মাঝি, ট্রলার ও জাহাজ মালিক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে নৌযান দুর্ঘটনায় করনীয় বিষয়ে সচেতনতামূলক প্রামান্যচিত্র উপস্থাপন করা হয় এবং মহিপুরের সাধারণ জেলেদের মাঝে লিফলেট বিতরন করা হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *