নিখোঁজ আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার!

নিখোঁজ আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার!

স্ফুলিঙ্গ ডেক্স :

পাবনার সাঁথিয়া উপজেলায় আ. শুকুর (৪৮) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের আজিজের বাড়ির পাশে একটি নির্জন বাঁশ বাগান থেকে তার রক্তাক্ত নিথর দেহটি উদ্ধার করা হয়।

নিহত আ. শুকুর রতনপুর গ্রামের রুকুম আলীর ছেলে। তিনি ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আ. শুকুর। এরপর গভীর রাত হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের বিষয়টি ঐদিনই পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে অবহিত করা হয়।

অভিযোগ পেয়ে আতাইকুলা থানা পুলিশ নিখোঁজ নেতার সন্ধানে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। একপর্যায়ে আজ বিকেলে রতনপুর গ্রামের আজিজের বাড়ির পাশের বাঁশ বাগানে আ. শুকুরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের স্থান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এই নৃশংস খুনের নেপথ্যের কারণ এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করতে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে। খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।” ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *