স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছায় ঝড়বৃষ্টির মধ্যে বাড়িতে আশ্রয় নেওয়ার ছলে ঢুকে এক গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হালিমা খাতুন (৫০) সলুয়া উত্তরপাড়া গ্রামের ফজলুর রহমানের স্ত্রী। ফজলুর রহমান স্থানীয় বাজারে টেইলার্সের ব্যবসা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে চৌগাছা এলাকায় ঝড়বৃষ্টি শুরু হলে ফজলুর রহমান তার দোকানে অবস্থান করছিলেন। এসময় বাড়িতে একা ছিলেন হালিমা খাতুন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মুখে কালো কাপড় বাঁধা ও দেশীয় অস্ত্রধারী ৩ থেকে ৪ জন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে তাকে জিম্মি করে। পরে ঘরে থাকা আলমারি ও ট্যাংক থেকে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে দুইটি হাতের রুলি, দুই জোড়া কানের দুল, দুইটি স্বর্ণের চেইন ও দুইটি আংটি। এসব স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পরিবার।
ভুক্তভোগী জানান, দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরায় তিনি চিৎকার করতে পারেননি। পরে বৃষ্টি থেমে গেলে তার স্বামী বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে রাত সাড়ে ১০টার দিকে চৌগাছা থানায় খবর দেন। খবর পেয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সিকদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ফাইল ছবি।

