বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
কলাপাড়া উপজেলার কুয়াকাটা ৭৮ নং খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছগির আহমেদ শাহাবুদ্দিনকে অবসরজনিত ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের প্রিয় শিক্ষক কে ঘোড়ার গাড়িতে করে সম্মানের সাথে এ সংবর্ধনা জানিয়েছেন। যা উপস্থিত সবার মাঝে ভিন্ন মাত্রা যোগ করে। এসময় এক হ্নদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছে। প্রিয় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের ভালোবাসায় আবেগে আপ্লূত শিক্ষক শাহাবুদ্দিন।
বুধবার (৬ মে) সকাল ৯টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলী আক্কাস হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭নং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার। এছাড়াও নারী সংরক্ষিত আসনের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রাহিমা আক্তার রুপাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরে তার সততা, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
১৯৮৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ৪০ বছর এই স্কুলে তিনি শিক্ষকতা করেছেন। তার এই বিদায়ে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা তাদের এই শিক্ষা গুরুকে রাজকীয় বিদায় জানিয়েছে।
অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।পরে তাকে ঘোড়ার গাড়িতে করে তার নিজ বাড়িতে পৌছে দেন।
এ সময় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর সুন্দর জীবনের জন্য সকলেই শুভকামনা জানান।
ব্যতিক্রমী এ বিদায় আয়োজনটি এলাকাবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।ছবি প্রতিবেদক।

