স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর-বেনাপোল মহাসড়কে চোরাচালান বিরোধী এক সফল অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ২২ লক্ষ টাকা মূল্যের ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার এবং একটি মোটরসাইকেলসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল বিওপির একটি চৌকস আভিযানিক দল ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারের পাকা রাস্তার ওপর এই ঝটিকা অভিযান পরিচালনা করে। আটককৃত চোরাকারবারি সাহাব উদ্দিন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
বিজিবি সূত্র জানায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতের উদ্দেশ্যে বিপুল পরিমাণ স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে— এমন একটি সুনির্দিষ্ট ও গোপন তথ্যের ভিত্তিতে ৪৯ বিজিবির বিশেষ আভিযানিক দল ভোর থেকেই যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় কড়া পাহারায় বসে। ভোর ০৪:৩০ ঘটিকার সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেয় বিজিবি। পরে চালক সাহাব উদ্দিনকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি খাঁটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানের কাজে ব্যবহৃত তাঁর মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাহাব উদ্দিন স্বীকার করেছেন যে, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার আন্তর্জাতিক চোরাকারবারিদের কাছ থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি কর্তৃক জব্দকৃত ১৩টি স্বর্ণের বারের সিজার মূল্য ২ কোটি ২১ লক্ষ ৪৬ হাজার ৭৫০ টাকা, মোটরসাইকেলের মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা এবং মোবাইলের মূল্য ১ হাজার ৪০০ টাকাসহ সর্বমোট উদ্ধারকৃত সম্পদের সিজার মূল্য ২ কোটি ২২ লক্ষ ৫৩ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে চোরাচালান দমন আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আজ সকালে তাকে যশোর ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।

