বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:
কলাপাড়ায় কোস্টগার্ড গোয়েন্দা সদস্য মাসুদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলে হাজীপুর শেখ জামাল সেতুর উপরে ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ। এসময় একযোগে মানববন্ধনে যোগ দেওয়া বিক্ষুব্ধরা নির্যাতনকারী গোয়েন্দা সদস্য মাসুদের বিচারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন।

কর্মসূচিতে বক্তারা জানান, গত ২৪ এপ্রিল রাতে হাজীপুর সেতু থেকে অন্যায় ভাবে কোন কারণ ছাড়াই সন্দেহের বসে শামীম ফকিরকে তুলে নিয়ে যায় গোয়েন্দা সদস্য মাসুদ। পরে নিজামপুর কোস্টগার্ড স্টেশনে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়। এসময় তার চোখ বেঁধে বৈদ্যুতিক শকসহ সারা শরীরে নির্যাতন চালানো হয়। এমনকি তার অন্ডকোষেও আঘাত করে মাসুদ। পরে তাকে চোখ বেঁধে ছেড়ে দিলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মানববন্ধনে মানবাধিকার কমিশন কলাপাড়া পৌর শহর শাখার সাংগঠনিক সম্পাদক শোয়েবুর রহমান শোয়েব বলেন, একজন নিরপরাধ মানুষকে তুলে নিয়ে বৈদ্যুতিক শক এবং অমানবিক নির্যাতন চালানো হয়েছে। যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।তিনি বলেন, এই গোয়েন্দা সদস্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন মানুষকে মিথ্যা অজুহাত দেখিয়ে হয়রানি করেন। তাই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের দাবি জানান তিনি।
এছাড়া কর্মসূচিতে অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থী রিয়াদুল ইসলাম বলেন, ঠিক কি কারণে ড্রেজার শ্রমিক শামিম ফকিরকে এমন অমানবিক নির্যাতন চালানো হয়েছে আজ এখানে আমরা শত শত মানু তা জানতে চাই। একই সঙ্গে নির্যাতনকারী ব্যক্তিকে চাকুরী থেকে বরখাস্ত করে শাস্তির দাবী জানান।
ভুক্তভোগী শামিম ফকির কান্না জড়িত কন্ঠে জানান, আমি আজও জানি না কি কারনে আমাকে এতো নিষ্ঠুরতম অত্যাচার করা হয়েছে। এখন বিচার চেয়ে আদালতে মামলা করেছি বলে আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া সহ আমার পরিবারকেও দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন গোয়েন্দা মাসুদ।
এসময় আরও বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী মাইনুল ইসলাম,কৃষক বদরুল আলম সহ আরও অনেকে। ছবি প্রতিবেদক।


