কলিং ভিসার নামে মালয়েশিয়ায় পাঠিয়ে প্রতারণা : টাকা ফেরত চাওয়ায় কুপিয়ে জখম!

কলিং ভিসার নামে মালয়েশিয়ায় পাঠিয়ে প্রতারণা : টাকা ফেরত চাওয়ায় কুপিয়ে জখম!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে সাড়ে চার লাখ টাকা নিয়ে কলিং ভিসার (কাজের ভিসা) পরিবর্তে ভিজিট ভিসায় (ভ্রমণ ভিসা) মালয়েশিয়ায় পাঠিয়ে প্রতারণার প্রতিবাদ করায় আক্তারুল ইসলাম (৩৮) নামে এক অসহায় পিতাকে পিটিয়ে ও চাকু দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে এক আদম ব্যবসায়ী ও তার সহযোগী দুর্বৃত্তরা। আহত আক্তারুল ইসলাম যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের মৃত মতিয়ার মন্ডলের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই বর্বরোচিত হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আক্তারুল ইসলাম জানান, বিগত ২০২২ সালে তাঁর ছেলে শাকিব রেজাকে উন্নত জীবিকার আশায় মালয়েশিয়ায় পাঠানোর জন্য একই গ্রামের দুলাল মোল্যার ছেলে স্থানীয় আদম ব্যবসায়ী আলমগীরের সাথে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী শাকিবকে বৈধ কাজের তথা ‘কলিং ভিসায়’ মালয়েশিয়া পাঠানোর কথা ছিল এবং এর জন্য মোট সাড়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়। সরল বিশ্বাসে আক্তারুল ইসলাম কষ্টার্জিত ৪ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেন। টাকা নেওয়ার পর আদম ব্যবসায়ী আলমগীর দীর্ঘ এক বছর যাবত বিভিন্ন বাহানায় পরিবারটিকে ঘুরাতে থাকে। এই দীর্ঘ সময়ে শাকিবকে তিন তিনবার মেডিকেল করানো হলেও বিদেশ পাঠাতে টালবাহানা করা হয়।

পরবর্তীতে এক পর্যায়ে কাজের ভিসায় না পাঠিয়ে সম্পূর্ণ অবৈধ ও জালিয়াতির আশ্রয় নিয়ে ভ্রমণ ভিসায় (ভিজিট ভিসা) শাকিব রেজাকে মালয়েশিয়ায় পাঠিয়ে দেয় আলমগীর। মালয়েশিয়া বিমানবন্দরে নামার পর শাকিব বুঝতে পারেন তিনি এক ভয়ানক প্রতারণার শিকার হয়েছেন। সেখানে তাকে কোনো বৈধ কাজ না দিয়ে একটি গহীন বনের ভেতরের ক্যাম্পে জিম্মি করে রাখা হয়। বন থেকে শাকিব কোনোমতে বাড়িতে ফোন করে তাঁর ওপর হওয়া এই অমানবিক নির্যাতনের কথা জানালে দেশের মাটিতে পরিবারটি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ে।

ছেলের এই করুণ পরিস্থিতির পর আক্তারুলের পরিবার চুক্তির বাকি ৫০ হাজার টাকা আদম ব্যবসায়ী আলমগীরকে দিতে সম্পূর্ণ অস্বীকার করেন এবং উল্টো জালিয়াতির জবাব চান। এ নিয়ে আলমগীরের সাথে আক্তারুলের পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে গত বুধবার সন্ধ্যায় বিজয়নগর গ্রামে লিটনের চায়ের দোকানের সামনে আক্তারুল ইসলামকে একা পেয়ে আলমগীর ও তার ২-৩ জন সশস্ত্র সঙ্গী হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। চাকুর আঘাতে আক্তারুলকে রক্তাক্ত জখম করে মৃত ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আদম ব্যবসায়ী আলমগীর ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পলাতক রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *