স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছা উপজেলার এক ৯ মাস বয়সী শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকায় মৃত্যু বরণ করেছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে ঢাকার লালবাগ এলাকায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর নাম ফারজানা (৯ মাস)। সে চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের চাকলা শিশুতলা গ্রামের বাসিন্দা বাবলুর রহমানের কন্যা। পারিবারিক সূত্রে জানা গেছে, বাবলুর রহমান দীর্ঘ দিন ধরে সপরিবারে ঢাকার লালবাগ এলাকায় বসবাস করে আসছেন। গত সপ্তাহে তার শিশুকন্যা ফারজানা হামে আক্রান্ত হলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় মঙ্গলবার দুপুরে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
ফারজানার অকাল মৃত্যুর সংবাদ গ্রামের বাড়ি চৌগাছায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার রাতেই শিশুটির মরদেহ ঢাকা থেকে নিজ গ্রাম চাকলা শিশুতলায় নিয়ে আসা হয়। পরে রাতে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মাসহ স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। স্থানীয় বাসিন্দারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিশেষজ্ঞরা জানান, শিশুদের হাম একটি সংক্রামক ব্যাধি। সময়মতো টিকা প্রদান এবং আক্রান্ত হওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা সম্ভব। ছবি সংগৃহীত।

