স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রার্থীদের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১১:০০ ঘটিকায় যশোর সরকারি আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে কড়া নিরাপত্তায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যশোর জেলার পুলিশ সুপার ও জেলা ট্রেইনি রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-এর সভাপতিত্বে পরীক্ষাটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে হলের প্রবেশপথে ডিজিটাল ডিভাইস ও অনাকাঙ্ক্ষিত সামগ্রী রোধে সকল প্রার্থীদের কঠোরভাবে তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।
নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, কনস্টেবল পদের শারীরিক যোগ্যতা যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা এই ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার জন্য নির্ধারিত সময়সীমা ছিল ১ ঘণ্টা ৩০ মিনিট। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা শেষে পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম নিয়োগ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে তিনি আগামী ২৪ মে যশোর পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার সময় সকল প্রার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য কর্মকর্তাগণ এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।


