মূল হোতা মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

মূল হোতা মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছা রোডে এক বৃদ্ধ চালককে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চাঞ্চল্যকর মামলায় গ্রেফতারকৃত মূল অভিযুক্ত মাসুদুর রহমানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। গতকাল মঙ্গলবার (২৩ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জয় পাল এই রিমান্ডের আদেশ প্রদান করেন। রিমান্ডপ্রাপ্ত আসামি মাসুদুর রহমান ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলার পুড়োপাড়া বাজার এলাকার বাসিন্দা বৃদ্ধ মাহবুব হোসেন পেশায় একজন ইজিবাইক চালক এবং এর মাধ্যমেই তিনি তাঁর জীবিকা নির্বাহ করেন। গত ৬ জুন তিনি চৌগাছা থেকে যাত্রী নিয়ে যশোর শহরের পালবাড়ি মোড়ে আসেন। ওই দিন রাত ১০টার দিকে তিনি যাত্রী নিয়ে পুনরায় চৌগাছার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে আব্দুল্লাহপুর গ্রামের রেলক্রসিং এলাকায় পৌঁছানো মাত্র একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর ইজিবাইকের গতিরোধ করে। এরপর ঘাতকেরা বৃদ্ধ মাহবুব হোসেনকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা নগদ ১ হাজার ২০০ টাকা, ব্যক্তিগত মোবাইল ফোন এবং আয়ের একমাত্র উৎস ইজিবাইকটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী বৃদ্ধ মাহবুব হোসেন নিজে বাদী হয়ে মাসুদুর রহমানসহ দুইজনকে সুনির্দিষ্ট আসামি করে যশোরের আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী গত ১৩ জুন যশোর কোতোয়ালি থানায় মামলাটি নিয়মিত ফৌজদারি অপরাধ হিসেবে রুজু করা হয়।

থানায় মামলা হওয়ার পর তদন্তের দায়িত্ব পান সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রউফ। তিনি তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার ছায়াতদন্ত শুরু করেন এবং মূল অভিযুক্ত মাসুদুর রহমানের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করেন। পরে ঝিনাইদহ শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজের সামনে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ-২২-৫১৪২) মাসুদুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে পুলিশি হেফাজতে এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া গুরূত্বপূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে এই ছিনতাই চক্রের সাথে জড়িত আরও পাঁচজনকে বিভিন্ন এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার এবং এই চক্রের মূল উপাটন করার লক্ষ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা গত ২০ জুন আসামি মাসুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন পেশ করেন। মঙ্গলবার সেই রিমান্ড আবেদনের দীর্ঘ শুনানি শেষে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আন্তঃজেলা ছিনতাই চক্রের বাকি সদস্যদের ধরতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ তদন্ত কার্যক্রম জোরদারে অব্যাহত রয়েছে বলে সাজিয়ালী ক্যাম্প পুলিশ নিশ্চিত করেছে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *