মহম্মদপুর উপজেলা পরিষদ গেটে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা : জনভোগান্তি চরমে

মহম্মদপুর উপজেলা পরিষদ গেটে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা : জনভোগান্তি চরমে

তুষার আহমেদ, মহম্মদপুর (মাগুরা) :

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা পরিষদ গেট এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ব্যাপক জলাবদ্ধতা। এতে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষ ও যানবাহন চালক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা এবং চলমান উন্নয়ন কাজ মাঝপথে থেমে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের প্রধান প্রবেশপথের রাস্তাটি পানিতে নিমজ্জিত হয়ে আছে। এটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সত্ত্বেও একটু বৃষ্টি হলেই এখানে ড্রেনের উপচে পড়া পানি জমে যায়। পথচারীদের বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগের কোনো সীমা নেই।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজারের জলাবদ্ধতা নিরসনে একটি ড্রেন নির্মাণের কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে কিছুদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে কাজটি থমকে থাকায় বৃষ্টির পানি সরার কোনো বিকল্প পথ নেই। কবে নাগাদ এই ড্রেনের কাজ শেষ হবে, তা নিয়ে প্রশ্ন এখন মহম্মদপুরের প্রতিটি মানুষের মুখে মুখে।

ভুক্তভোগীরা জানান, জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক এলাকায় এমন অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন সচেতন মহল।

আসন্ন বর্ষা মৌসুমের আগেই ড্রেন নির্মাণের বাকি কাজ সম্পন্ন করে এবং রাস্তার জলবদ্ধতা দূর করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। ছবি প্রতিবেদক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *