বেনাপোল বন্দরে পণ্য প্রবেশ ও খালাস প্রক্রিয়ায় কড়াকড়ি

বেনাপোল বন্দরে পণ্য প্রবেশ ও খালাস প্রক্রিয়ায় কড়াকড়ি

বেনাপোল প্রতিনিধি, মেহেদী হাসান জিত :

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি, মালামাল প্রবেশ ও খালাস প্রক্রিয়া এবং বন্দরের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদানের লক্ষ্যে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সংবাদ সম্মেলন করেছে বন্দর কর্তৃপক্ষ। সোমবার (৪ মে) সকালে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বন্দরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে প্রবেশমুখ ও বন্দরের অভ্যন্তরে রেজিস্টার মেইনটেইন করা হচ্ছে। কাস্টমস, বিজিবি, সিঅ্যান্ডএফ এজেন্টসহ বিভিন্ন সংস্থার তত্ত্বাবধানে নিয়ম অনুযায়ী বন্দরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। পণ্য প্রবেশ ও খালাস প্রক্রিয়া বর্তমানে কঠোর নজরদারির আওতায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিচালক আরও জানান, বর্তমানে রিলিজ অর্ডার প্রক্রিয়া কম্পিউটারাইজড হওয়ায় পণ্য খালাস আগের চেয়ে অনেক সহজ ও গতিশীল হয়েছে।

বন্দরের পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম হোসেন বলেন, বন্দরের ড্রেনেজ সমস্যা সমাধানে খুব শীঘ্রই উপজেলা প্রশাসন ও পৌরসভার সাথে আলোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে বন্দর পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন উপ-পরিচালক রুহুল আমিন, কাজী রতনসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *