বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ছুড়িকাঘাতে হত্যা!

বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ছুড়িকাঘাতে হত্যা!

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে তাজুল ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী কিশোরকে পেটে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর পরই জড়িত সন্দেহে মো. রিয়াদ (১৭), মো. সজীব খান (১৭) ও মো. হৃদয় মোল্লা (১৮) নামের তিন কিশোরকে গণধোলাই দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শনিবার (৩০ মে, ২০২৬) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা ও ‘কিশোর গ্যাং’ এর নতুন করে আতঙ্ক বিরাজ করছে।

হত্যাকাণ্ডের শিকার নিহত কিশোর তাজুল ইসলাম মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। সে স্থানীয় পাটুয়া আলামিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই তার এমন অকাল ও নির্মম মৃত্যুতে পরিবারসহ সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই এলাকার বাসিন্দা কামাল মৃধার বাড়িতে তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। বরযাত্রী ও অতিথিদের কোলাহলের মধ্যে তাজুল ইসলামও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল। অনুষ্ঠান চলাকালীন একপর্যায়ে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাজুলকে কৌশলে কথা বলার বাহানায় মৃধা বাড়ির পেছনের একটি নির্জন বিলে ডেকে নিয়ে যায়। সেখানে অন্ধকার বিলে পৌঁছানো মাত্রই ঘাতকেরা ধারালো অস্ত্র দিয়ে তাজুলের তলপেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় মাঠে ফেলে রেখে দ্রুত চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় তাজুলের আকুল ডাকচিৎকার ও গোঙানি শুনে বিয়ের বাড়ি ও আশেপাশের স্থানীয় লোকজন দ্রুত বিলের দিকে ছুটে যান এবং তাকে উদ্ধার করেন। পরবর্তীতে রক্তাক্ত তাজুলকে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হত্যাকাণ্ডের পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন হিসেবে ওই তিন কিশোরকে হাতেনাতে আটকে করে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এলাকার সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, বেশ কিছুদিন ধরে কলাপাড়ার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও অপতৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এই কিশোর অপরাধীদের দ্রুত দমন করা না গেলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক হুমকির মুখে পড়বে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ খবর পাওয়ার পর থেকেই তৎপর রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিক নিয়মিত মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃত তিন কিশোরকে থানায় প্রাথমিকভাবে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ক্লু-লেস হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশের বিশেষ তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *