স্ফুলিঙ্গ ডেক্স :
যশোর সদর উপজেলার বাহাদুরপুরে হিন্দু সম্প্রদায়ের দুই নারীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এই ঘটনার প্রধান অভিযুক্ত শামীম হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে। সোমবার (২০ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাহাদুরপুর গ্রামের বুলবুলের বাগানবাড়ির কেয়ারটেকার শামীম হোসেন দীর্ঘদিন ধরেই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। গত রোববার (১৯ এপ্রিল) বেলা ৩টার দিকে শামীম দা ও লাঠি নিয়ে সুকুমার মজুমদারের বাড়িতে চড়াও হন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি সুকুমারের স্ত্রী কামনা রানীর মাথায় দা দিয়ে তিনটি কোপ মারেন।
কামনা রানীকে বাঁচাতে প্রতিবেশী বেবী মজুমদার এগিয়ে এলে শামীম তাকেও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে শামীম পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় সুকুমার মজুমদার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযানে নামে এবং রাত ৩টার দিকে উপশহর বস্তি এলাকা থেকে অভিযুক্ত শামীমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শামীম লেবুতলার আগ্রাইল গ্রামের বাহা উদ্দিনের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনুপ কুমার মণ্ডল জানান, শামীম হোসেনকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন। এই ন্যক্কারজনক ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
ছবি সংগৃহীত।

