বারান্দীপাড়ায় মাদরাসা ছাত্রকে পাশবিক নির্যাতন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় এক মাদরাসাছাত্রকে প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে বলাৎকারের অভিযোগে সেলিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) রাতে পাশবিক এই নির্যাতনের ঘটনা জানাজানি হলে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মণিহার সিনেমা হলের বিপরীতে খুলনা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মাদরাসার হিফজ বিভাগের ওই ছাত্রের সঙ্গে গত ৫ মে পরিচিত হন অভিযুক্ত সেলিম হোসেন। সেদিন বিকেলে তিনি নানা কৌশলে শিশুটিকে ফুসলিয়ে পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে তাকে বলাৎকার করেন। ঘটনার পর চরম ভয় ও আতঙ্কে শিশুটি বিষয়টি কাউকে জানায়নি।

তবে গত ৮ মে রাতে সেলিম আবারও একই ধরনের অপকর্মের চেষ্টা করলে ছাত্রটি বাধা দেয় এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে পুরো বিষয়টি জানতে পারেন। উত্তেজিত জনতা তাৎক্ষণিক সেলিমকে আটক করে পুলিশে খবর দেয়। পরে মাদরাসা পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানিয়েছেন, শিশু নির্যাতনের এই ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত সেলিম হোসেনকে আটকের পর ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিশুর জবানবন্দি গ্রহণ ও আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। শহরের প্রাণকেন্দ্রে এমন ন্যক্কারজনক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দা বিরাজ করছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *