স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযান চলাকালে এক নাটকীয় ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশের হাতে ধরা পড়ার পর হাতে হাতকড়া পরা অবস্থাতেই এক মাদকসেবী চম্পট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার ব্যস্ততম নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বেঙ্গল রেলগেট এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা পলায়নের ঘটনাটি সরাসরি অস্বীকার করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল সন্ধ্যা ৭টার দিকে নওয়াপাড়া এলাকায় অভিযানে নামে। এ সময় গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশ। আটকের পর তাকে আইনি প্রক্রিয়ায় নিতে হাতে হাতকড়া পরানো হয়। তবে সবাইকে হতবাক করে দিয়ে সেই যুবক সুযোগ বুঝে পুলিশের হেফাজত থেকে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় তল্লাশি শুরু করলেও রাত পর্যন্ত হাতকড়াসহ ওই যুবকের কোনো সন্ধান মেলেনি।
এদিকে অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মোস্তাফিজুর রহমান পলায়নের ঘটনাটি গুজব বলে দাবি করেছেন। তাঁর মতে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা আগেই দৌড়ে পালিয়েছিল, কাউকে আটক করা সম্ভব হয়নি। অন্যদিকে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু জানিয়েছেন, এক যুবক হাতকড়াসহ পালিয়ে যাওয়ার তথ্য তিনি পেয়েছেন এবং পুরো বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করছেন। পুলিশের হেফাজত থেকে হাতকড়া নিয়ে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে পুনরায় গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে বলে জানা গেছে।
এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি।
