পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামের এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাটই সরকারি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তীর্থ বিশ্বাস উপজেলার ভাটই গ্রামের তপন কুমারের ছেলে। সে স্থানীয় ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে তীর্থ বিশ্বাস নিজের মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলটি ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে পৌঁছালে, তীর্থ তার সামনে থাকা একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করে সামনে এগোনোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক অর্থাৎ ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী দ্রুতগতির অপর একটি পিকআপ ভ্যানের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তীর্থ ছিটকে পিচঢালা রাস্তায় পড়ে মাথায় ও বুকে গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। স্কুলছাত্রের এমন অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোক ও কান্নার রোল পড়েছে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, “সকালে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী পিকআপের সাথে ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা সম্ভব হয়েছে। এই বিষয়ে থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।” ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *