আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হামলার চেষ্টায় আটক কোল টমাস অ্যালেন (৩১) সম্পর্কে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। পেশায় একজন শিক্ষক হয়েও কীভাবে তিনি দুর্ধর্ষ হামলার পরিকল্পনা করেছিলেন, তা নিয়ে রীতিমতো স্তম্ভিত মার্কিন গোয়েন্দারা।
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কোল টমাস অ্যালেন পেশায় একজন শিক্ষক। জানা গেছে, হামলা করার উদ্দেশ্যে তিনি আগে থেকেই ওয়াশিংটন হিলটন হোটেলের অতিথি হিসেবে অবস্থান নিয়েছিলেন। শনিবার রাতে যখন প্রেসিডেন্ট ট্রাম্প নৈশভোজে যোগ দেওয়ার জন্য মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন অ্যালেন।
পুলিশ জানিয়েছে, আটকের সময় অ্যালেনের কাছে একটি শক্তিশালী শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ধারালো ছুরি পাওয়া গেছে। গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)-এর পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি লম্বা বন্দুক ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, আটকের সময় অ্যালেনের সাথে পুলিশের গুলি বিনিময় হয়। এতে একজন পুলিশ কর্মকর্তা বুকে গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় তিনি প্রাণে বেঁচে যান। প্রত্যক্ষদর্শী সিএনএনের সাংবাদিক উলফ ব্লিটজার জানান, হামলাকারী প্রায় ছয় রাউন্ড গুলি ছুড়েছিলেন।
ঘটনার পরপরই ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে হামলাকারীকে ‘অসুস্থ’ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এ ধরণের সন্ত্রাসের কাছে নতি স্বীকার করব না।” স্থগিত হওয়া এই অনুষ্ঠানটি আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করার ঘোষণাও দিয়েছেন তিনি।
আটক অ্যালেনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও ফেডারেল কর্মকর্তার ওপর হামলার একাধিক অভিযোগ আনা হয়েছে। সোমবার তাঁকে আদালতে হাজির করার কথা রয়েছে।
সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা,
ছবি সংগৃহীত।


