স্ফুলিঙ্গ ডেক্স :
ভারতের রাজধানী দিল্লির নাংলোই এলাকায় একটি দাঁড়িয়ে থাকা স্লিপার বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মে) পুলিশ জানিয়েছে যে, এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী নারী দিল্লির মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন এবং পিতমপুরার একটি বস্তি এলাকায় থাকেন। গত সোমবার (১১ মে) রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সরস্বতী বিহারের একটি বাসস্টপে তিনি সময় জানতে বাসের কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে যান। অভিযোগ অনুযায়ী, এ সময় তাকে জোরপূর্বক বাসের ভেতর টেনে নিয়ে যাওয়া হয়। এরপর অভিযুক্তরা বাসটি চালিয়ে নাংলোই এলাকার দিকে নিয়ে যায় এবং সেখানে বাসের ভেতর তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
দিল্লি পুলিশ জানিয়েছে যে, তারা অভিযুক্ত বাসটি জব্দ করেছে। ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে, নির্যাতিতা নারী বিবাহিত এবং তার তিনটি সন্তান রয়েছে। গ্রেপ্তারকৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং সব দিক বিবেচনায় নিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে।
নির্ভয়া কাণ্ডের স্মৃতি:
এই ঘটনাটি ২০১২ সালের ডিসেম্বরে দিল্লিতে ঘটে যাওয়া সেই নৃশংস ‘নির্ভয়া’ কাণ্ডের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে, যেখানে ২৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের পর রাস্তায় ছুড়ে ফেলা হয়েছিল। ওই ঘটনা তখন পুরো ভারতকে স্তম্ভিত করে দিয়েছিল এবং দেশজুড়ে ব্যাপক গণ–আন্দোলন সৃষ্টি হয়েছিল।
তথ্যসূত্র: ১৪ মে, ২০২৬। ইত্তেফাক ডিজিটাল ও এনডিটিভি।


