মা দিবসেই মা ও ভাইকে গুলি করে হত্যা!

স্ফুলিঙ্গ ডেক্স :

যে সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছিলেন, সেই সন্তানের হাতেই মা দিবসের ভোরে প্রাণ দিতে হলো এক অভাগিনী মাকে। ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধে নিজের মা ও ছোট ভাইকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে রাজকিশোর গুপ্ত নামে এক ব্যক্তি। রবিবার (১০ মে) সকালে এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও স্তব্ধতা নেমে এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজকিশোরের বাবা সম্প্রতি তাদের কিছু পৈতৃক জমি বিক্রি করেন। এই সিদ্ধান্তে রাজকিশোরের মতামত না নেওয়ায় সে পরিবারের ওপর চরম ক্ষুব্ধ ছিল। রবিবার সকালে এই জমি বিক্রির বিষয় নিয়ে মা ও ছোট ভাইয়ের সঙ্গে তার প্রচণ্ড বাকবিতণ্ডা শুরু হয়। তর্কের একপর্যায়ে হিতাহিত জ্ঞান হারিয়ে রাজকিশোর নিজের কাছে থাকা পিস্তল বের করে সরাসরি মা ও ভাইয়ের ওপর গুলি চালায়।

গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজকিশোর গুপ্ত পলাতক রয়েছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পলাশ বানসাল জানান, ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘাতক রাজকিশোরকে গ্রেপ্তারের জন্য পুলিশের চারটি বিশেষ টিম কাজ করছে।

বিশ্বজুড়ে যখন মাতৃত্বের জয়গান আর পরম শ্রদ্ধায় ‘মা দিবস’ পালিত হচ্ছিল, ঠিক তখনই উত্তর প্রদেশের এই নৃশংস ঘটনাটি মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। সম্পত্তির লোভ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এই হত্যাকাণ্ড তারই এক নিষ্ঠুর নজির হয়ে থাকল।

সূত্র-ছবি, আন্তর্জাতিক সংবাদ সংস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *