বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়ায় নিজের গোয়ালে পরম যত্নে লালন-পালন করা হিংস্র বলি মহিষের অতর্কিত হামলায় তোফাজ্জেল মোল্লা (৪০) নামের এক ভাগ্যহত কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামের গামুরবুনিয়া বিলে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল মোল্লা ওই গ্রামের শাজাহান মোল্লার ছেলে।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম জানান, দীর্ঘ দিন ধরে তাদের নিজেদের গোয়ালে ৮টি মহিষ পালন করে আসছিলেন তাঁরা। এই পালের মধ্যেই একটি অত্যন্ত শক্তিশালী ও রাগী ‘বলি মহিষ’ (পুরুষ মহিষ) ছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও তোফাজ্জেল মোল্লা বিল থেকে মহিষের পাল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ করেই ওই বলি মহিষটি ক্ষিপ্ত হয়ে মালিক তোফাজ্জেল মোল্লার ওপর আক্রমণাত্মক হামলা চালায়।
স্থানীয়রা জানান, মহিষের হামলার সময় মাঠ কিংবা বিলের আশপাশে কোনো লোকজন না থাকায় তোফাজ্জেলকে উদ্ধার করার মতো কেউ ছিল না। ফলে মহিষের উপর্যুপরি আঘাত ও মাটিতে আছড়ে ফেলার কারণে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। পরে সন্ধ্যার দিকে অন্য কৃষকেরা বিলে চরে বেড়ানো গরু-মহিষ আনতে গেলে তোফাজ্জেলকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তাদের চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে লাশ উদ্ধার করেন।
চাকামইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তোফাজ্জেল নিজের পালিত মহিষের আক্রমণেই মারা গেছেন। তাঁর শরীরের একাধিক স্থানে মহিষের শিংয়ের আঘাতের বড় বড় ক্ষত ও জখমের চিহ্ন রয়েছে। বিশেষ করে পাঁজরের দুই পাশের খাঁচায় ভয়াবহ কাটার দাগ দেখা গেছে। মহিষের শিং পেটে বা বুকে ঢুকে যাওয়ার কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।”
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “নিজের পালিত মহিষের হামলায় কৃষক তোফাজ্জেল মোল্লার আকস্মিক মৃত্যু হয়েছে— বিষয়টি আমরা সুনির্দিষ্টভাবে নিশ্চিত হতে পেরেছি। নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। এই মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। যেহেতু নিজের পশুর আঘাতে এই দুর্ঘটনা ঘটেছে, তাই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি নেই।”
এদিকে, নিজের পালিত পশুর আঘাতেই এমন অকাল মৃত্যুর ঘটনায় পুরো গামুরবুনিয়া গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতের বাড়িতে চলছে স্বজনদের বুকফাটা আহাজারি। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

