সকালে নিখোঁজ, রাতে মিললো সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে নারীর মরদেহ

সকালে নিখোঁজ, রাতে মিললো সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে নারীর মরদেহ

স্ফুলিঙ্গ ডেক্স :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা (নো-ম্যানস ল্যান্ড) থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকেয়া বেগম উপজেলার জগন্নাথদিঘী এলাকার গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী বলে নিশ্চিত হওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাত ১০টার দিকে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুচ্ছগ্রাম সংলগ্ন সীমান্ত এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে তীব্র মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি সাধারণত নিজের খেয়ালে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি প্রতিদিনের মতোই বাড়ি থেকে বের হন। কিন্তু দিন পার হয়ে সন্ধ্যা নামলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১০টার দিকে ভারতীয় সীমান্ত সংলগ্ন শূন্যরেখা এলাকায় তাঁর মরদেহ নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও বিজিবি-কে খবর দেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সীমান্তের শূন্যরেখায় মরদেহ পাওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে রোকেয়া বেগমের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ বা পরিবার। এটি কোনো হত্যাকাণ্ড, নাকি স্ট্রোকজনিত বা অন্য কোনো কারণে ঘটেছে, তা সুনির্দিষ্ট তদন্ত ও ময়নাতদন্তের (পোস্টমর্টেম) প্রতিবেদন পাওয়ার পরই কেবল নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, “খবর পেয়ে আমরা সীমান্ত এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় এনেছি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।” ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *