রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ থেকে ফিরে।।
জনপ্রিয় অনলাইন টেলিভিশন ‘নবগঙ্গা টিভি’র কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুন হোসেন। আজ মঙ্গলবার ঝিনাইদহ আঞ্চলিক অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে অফিশিয়াল পরিচয়পত্র ও ডিজিটাল মাইক্রোফোন (বুম) তুলে দেওয়া হয়।
নবগঙ্গা টিভির সম্পাদক মন্ডলীর সভাপতি এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল নবনিযুক্ত প্রতিনিধির হাতে এসব সরঞ্জাম তুলে দেন।

পরিচয়পত্র হস্তান্তরকালে সাংবাদিক আসিফ ইকবাল কাজল বলেন, “সাংবাদিকরা হলো জাতির বিবেক। তারা যদি সাহসের সাথে সঠিক তথ্য তুলে ধরে, তবে সমাজ থেকে অপকর্ম দূর হওয়ার পাশাপাশি উন্নয়ন ত্বরান্বিত হবে। সত্যের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করলে সাফল্য আসবেই।” তিনি নবনিযুক্ত প্রতিনিধি মামুনের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠ ও দৈনিক ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি রফিক মন্ডল, নবগঙ্গা টিভির অনুষ্ঠান নির্মাতা আল আমীন এবং ভিডিও এডিটর রিফাত আল সাইফ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন প্রতিনিধির মাধ্যমে কোটচাঁদপুর উপজেলার জনদুর্ভোগ, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র আরও জোরালোভাবে গণমাধ্যমে উঠে আসবে।


