দুই সন্তানের মুখে অন্ন জোগাতে বিত্তবানদের সহযোগিতা চান অসহায় বাবা

দুই সন্তানের মুখে অন্ন জোগাতে বিত্তবানদের সহযোগিতা চান অসহায় বাবা

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) :

দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁর চলার শক্তি, থামিয়ে দিয়েছে উপার্জনের চাকা। বর্তমানে বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন কোটচাঁদপুরের এক অসহায় রাজমিস্ত্রি। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বকশিপুর গ্রামের ভ্যানচালক আব্দুর কাদেরের ছেলে ছাত্তার (৩৮) এখন পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছেন।

কয়েক মাস আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন রাজমিস্ত্রি ছাত্তার। দুর্ঘটনার পর তাঁর চিকিৎসার জন্য পরিবারের জমানো যৎসামান্য টাকা এবং আত্মীয়-স্বজনের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা করানো হলেও বর্তমানে টাকার অভাবে তা বন্ধের পথে। দুই সন্তানের জনক ছাত্তারের এখন একদিকে ঔষধ কেনার সামর্থ্য নেই, অন্যদিকে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাঁর পরিবারের।

অসহায় বৃদ্ধ বাবা ভ্যান চালিয়ে যেটুকু আয় করেন, তা দিয়ে অসুস্থ ছেলের চিকিৎসা আর পুরো সংসারের ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ছাত্তারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বাবার এমন অবস্থা দেখে সন্তানদের চোখেমুখে এখন অনিশ্চয়তার ছাপ। ছাত্তারের আর্তনাদে এখন বকশিপুর গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

বিছানায় শুয়ে পঙ্গু ছাত্তার প্রশাসন এবং সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার জন্য জোরালো আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “আমি আবার সুস্থ হয়ে সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে চাই। আপনারা কি আমার পাশে দাঁড়াবেন না?”

মানবিকতার এই ডাকে সাড়া দিয়ে অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *