দক্ষতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে মাঠে ‘স্বপ্নসারথী’

দক্ষতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে মাঠে ‘স্বপ্নসারথী’

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) থেকে:

পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক ও অবহেলিত কিশোরীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং পারিবারিক আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সফলভাবে কর্মশালা সমাপ্তি শেষে অংশগ্রহণকারী ৩৪ জন যোগ্য প্রশিক্ষণার্থীর মাঝে আনুষ্ঠানিক সনদপত্র বিতরণ করা হয়।

গত বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) কলাপাড়া উপজেলা সদরে অবস্থিত ‘ব্র্যাক’ (BRAC) সভাকক্ষে বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বিশেষ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে ব্র্যাকের মাঠপর্যায়ের ‘স্বপ্নসারথী’ কিশোরী দলের সদস্যরা ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাঁস-মুরগি পালনের আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এই টেকনিক্যাল প্রশিক্ষণে প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. আলী আহসান (বাপ্পি)। তিনি গ্রামীণ পরিবেশে উন্নত জাতের হাঁস-মুরগি নির্বাচন, সাশ্রয়ী মূল্যে বৈজ্ঞানিক উপায়ে খাদ্য তৈরি, খামারের রোগবালাই প্রতিরোধে আগাম টিকাদান এবং আধুনিক শেড নির্মাণ কৌশলসহ নানাবিধ গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক বিষয়ে কিশোরীদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. রিয়াজ নাহিদ সোহাগ, সিনিয়র শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) শিব শংকর বিশ্বাস এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) অফিসার রিপন চন্দ্র দাস। এছাড়াও কলাপাড়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং ব্র্যাকের তৃণমূল কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

কর্মশালার সমাপনী পর্বে মূল্যায়নের ভিত্তিতে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা ৩৪ জন ‘স্বপ্নসারথী’ কিশোরীর প্রত্যেকের হাতে আনুষ্ঠানিক সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আয়োজক ও ব্র্যাক কর্মকর্তারা জানান, গ্রামীণ অর্থনীতিতে নারীদের অবদান নিশ্চিত করতে এবং বাল্যবিয়ে রোধে কিশোরীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা অত্যন্ত জরুরি। এই ধরনের যুগোপযোগী ও কারিগরি প্রশিক্ষণ অবহেলিত গ্রামীণ কিশোরীদের আত্মনির্ভরশীল, আত্মপ্রত্যয়ী এবং কুটির শিল্প ও কর্মমুখী করে তুলতে ভবিষ্যতে সুদূরপ্রসারী ও মাইলফলক ভূমিকা রাখবে। প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরীরা যেন সরকারি তহবিল থেকে স্বল্প সুদে ঋণ বা কারিগরি সহায়তা পায়, সে বিষয়েও সহযোগিতা করা হবে বলে জানানো হয়। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *