কলাপাড়ায় এলজিইডি’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়ায় এলজিইডি’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী):

সবুজ পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর খালের স্লুইসগেট সংলগ্ন এলাকায় এই সামাজিক বনায়ন কর্মসূচির ফলক উন্মোচন ও চারা রোপণ করেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য, জননেতা এবিএম মোশাররফ হোসেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কলাপাড়া কার্যালয়ের ব্যবস্থাপনায় ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ মহাপরিকল্পনার অংশ হিসেবে এই টেকসই পরিবেশবান্ধব কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে।

এলজিইডি ও প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিঠাগঞ্জ ইউনিয়নের স্বনির্ভর খালের স্লুইসগেট থেকে দক্ষিণ দিকে কাওসার হাওলাদারের বাড়ি পর্যন্ত মোট ১৪৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্প্রতি শেষ হয়েছে। এই খালের দুই পাড়ের মাটির স্থায়িত্ব রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দুই পাশে সুপরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ রোববার উপজেলার শিশু পল্লী একাডেমি থেকে শুরু করে ছোট বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দীর্ঘ এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ অভিযানের সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, “বিগত সাধারণ নির্বাচনের সময় আমরা কলাপাড়া ও রাঙ্গাবালীর সাধারণ মানুষের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা ধাপে ধাপে বাস্তবে পরিণত করার জন্যই আমাদের সরকার ও প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে একটি সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “সবুজ হোক আমাদের বাংলাদেশ এবং নিরাপদ হোক আমাদের আগামী প্রজন্ম— এই লক্ষ্যেই আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।”

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি মো. গাজী ফারুক, সাধারণ সম্পাদক মো. নানু মুন্সি এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জুয়েলসহ স্থানীয় এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ। খালের দুই পাড়ে এই বনায়ন কর্মসূচির কারণে এলাকার পরিবেশ সুন্দর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ সুফল পাবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *