বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ভেসে এসেছে ৫৬ ফুট দীর্ঘ বিশালাকার একটি মৃত ‘বেলিন’ প্রজাতির তিমি। সোমবার (২৯ জুন) শেষ বিকেলের দিকে সৈকতের কাউচার পয়েন্ট এলাকায় এই বিশালাকার মৃত তিমিটি আটকে থাকতে দেখা যায়। পরিমাপে দেখা গেছে, দীর্ঘকায় এই তিমিটির প্রস্থ প্রায় ১৮ ফুট। স্থানীয় প্রবীণদের মতে, বিগত দুই যুগের (২৪ বছর) মধ্যে কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত তিমির তালিকায় আকারের দিক থেকে এটি দ্বিতীয় বৃহত্তম।
বিশালাকার তিমি ভেসে আসার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন ‘উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন’ (উপরা)-এর একটি প্রতিনিধি দল। ঘটনাস্থল ঘুরে দেখে উপরার যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু সংবাদ মাধ্যমকে জানান, “অর্ধগলিত ও বিকৃত হয়ে যাওয়া এই তিমিটি দেখে ধারণা করা হচ্ছে, অন্তত এক সপ্তাহ আগে গভীর সাগরে কোনো কারণে এটির মৃত্যু হয়েছে, যা জোয়ারের তোড়ে আজ সৈকতে এসে ঠেকেছে।”
তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে আরও জানান, কুয়াকাটা উপকূলে তিমি ও ডলফিনের মৃত্যুর মিছিল দিন দিন বাড়ছে। এর আগে চলতি বছরেই সৈকতে ৫৮ ফুট দীর্ঘ আরও একটি বিশাল আকৃতির মৃত তিমি ভেসে এসেছিল। একের পর এক সামুদ্রিক প্রাণী এভাবে মারা যাওয়ার সুনির্দিষ্ট ও প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট গবেষক ও প্রশাসনের কাছে জোর দাবি জানান।
এদিকে খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে স্থানীয় বন বিভাগ। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সৈকতের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় তাৎক্ষণিকভাবে মৃত তিমিটিকে জোয়ারের নাগালের বাইরে নিরাপদ স্থানে নিয়ে বালিচাপা (মাটিচাপা) দেওয়া হয়েছে। তবে এটি কী কারণে মারা গেল, সেই মৃত্যুর রহস্য ও সঠিক কারণ উদ্ঘাটন করতে পরবর্তীতে বিশেষজ্ঞ দলের মাধ্যমে এটির প্রয়োজনীয় শারীরিক নমুনা সংগ্রহ করা হবে।” ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।


