বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:
কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও ‘আজকের পত্রিকা’র কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেনের (৪০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেল্লাল হোসেনের এই বহিষ্কারাদেশ পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছেন।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত শনিবার রাত সাড়ে আটটার সময় শিক্ষক ও সাংবাদিক মো. মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় লোকমানের মোবাইলের দোকানে বসে ছিলেন। এ সময় কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম এবং মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রদল নেতাকর্মী অতর্কিতে সেখানে এসে তাঁকে ডেকে দোকান থেকে বের করে। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় ফেলে ওই সকল নেতা-কর্মীরা তাঁকে বেধড়ক মারধর শুরু করে। এক পর্যায়ে নিজের জীবন বাঁচাতে তিনি দৌড়ে পুনরায় ওই মোবাইলের দোকানের ভেতর আশ্রয় নিলে, সন্ত্রাসীরা তাঁকে দ্বিতীয় দফায় দোকান থেকে টেনে-হিঁচড়ে বের করে আবারও নির্মমভাবে মারধর করে। এই কাপুরুষোচিত হামলায় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাত্ব জখম হয়েছে।
আহত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন এখন আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হলেও, হামলার মূল নেতৃত্বদানকারী অপর অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিমকে বহিষ্কার না করার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে মোয়াজ্জেম হোসেনের পরিবার।
অন্যদিকে, একজন শিক্ষক ও পেশাদার সাংবাদিকের ওপর প্রকাশ্য দিবালোকে এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কলাপাড়া প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি এবং কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এই বর্বরোচিত হামলায় জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ছবি সংগৃহীত।

