৯ দফা দাবিতে ৩০ কিলোমিটার জুড়ে বিশাল মানববন্ধন

৯ দফা দাবিতে ৩০ কিলোমিটার জুড়ে বিশাল মানববন্ধন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ককে জরুরি ভিত্তিতে ছয় লেনে উন্নীত করা, কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক মানের আধুনিকায়ন, পায়রা সমুদ্র বন্দরকে পূর্নাঙ্গরূপে চালু এবং উপকূলীয় এলাকায় নদী ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ৯ দফা দাবিতে কলাপাড়া নাগরিক সমাজের উদ্যোগে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এক ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) বেলা এগারোটায় কলাপাড়া সিক্সলেন চত্বর থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ এই মহাসড়ক জুড়ে এক অভূতপূর্ব মানববন্ধনের সৃষ্টি হয়। কলাপাড়া নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার পেশাজীবীসহ সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিশাল এই মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নাগরিক নেতৃবৃন্দ ও বক্তারা বলেন, “সমুদ্রসৈকত কুয়াকাটা পর্যটন কেন্দ্র, দেশের অন্যতম বড় পায়রা সমুদ্র বন্দর এবং ১৩২০ মেগাওয়াটের দুটি বিশাল তাপবিদ্যুৎ কেন্দ্রসহ দেশের অর্থনীতি সচল রাখার মতো বেশ কয়েকটি মেগা ও গুরুত্বপূর্ণ স্থাপনা এই কলাপাড়ায় স্থাপিত হয়েছে। এর ফলে সারা বছরই এই মহাসড়কে ঢাকাগামী ও দেশের বিভিন্ন অঞ্চলের দূরপাল্লার ভারী যানবাহনের তীব্র চাপ লেগেই থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দেশের অর্থনৈতিক লাইফলাইন হওয়া সত্ত্বেও এই মহাসড়কটি অত্যন্ত সরু। যার ফলে এখানে নিত্যদিন তীব্র যানজট ও ভয়াবহ সব সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে।”

বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “যোগাযোগ ব্যবস্থার এই বেহাল দশার কারণে আমাদের পর্যটন শিল্প, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিকভাবে সমগ্র দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা মুখ থুবড়ে পড়ছে। কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত এই মহাসড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করা হলে রাজধানীর সঙ্গে গোটা দক্ষিণাঞ্চলের যোগাযোগ আরও সহজ, নিরাপদ, ঝুঁকিমুক্ত ও গতিশীল হবে। তাই জনস্বার্থে এই মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করা এখন আর বিলাসিতা নয়, সময়ের প্রধান দাবি।”

মানববন্ধনে বক্তারা পায়রা বন্দরকে পূর্ণাঙ্গরূপে সচল করার তাগিদ দিয়ে বলেন, এই সমুদ্র বন্দরটি পুরোপুরি চালু হলে তা দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও স্বাবলম্বী করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ভূমিকা রাখবে। এর ফলে দক্ষিণাঞ্চলে দেশি-বিদেশি বাণিজ্য এবং কর্মসংস্থানের নতুন নতুন বিশাল সুযোগ সৃষ্টি হবে। এর পাশাপাশি কুয়াকাটায় একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দর স্থাপন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি রুখতে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন কলাপাড়াবাসীর অস্তিত্বের লড়াই।

৩০ কিলোমিটার দীর্ঘ এই বিশাল মানববন্ধন কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে এই ৯ দফা দাবি মেনে নিয়ে দ্রুত প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়ার জোর আহ্বান জানান। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উন্নয়নের সুষম বণ্টনের লক্ষ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একই দাবিতে রাজপথে নামছেন সাধারণ মানুষ। ছবি পাঠিয়েছেন বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *