ডাঃ কেরামত আলী, (সাতক্ষীরা):
সাতক্ষীরা জেলা পুলিশের নিয়মিত কাজের গতিশীলতা বৃদ্ধি, সদস্যদের সুযোগ-সুবিধা পর্যালোচনা ও ভালো কাজের মূল্যায়নে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকালের দিকে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
সভার সূচনাতেই বিগত মাসের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং চলতি মাসে পুলিশ সদস্যদের উত্থাপিত নানা আবেদন উপস্থাপন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খালিদ মোঃ আরাফাত।
পরবর্তীতে সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাঁদের পেশাগত ও ব্যক্তিগত নানা বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে ফোর্সের প্রস্তাবিত বিষয়গুলো শোনেন এবং তাৎক্ষণিকভাবে অধিকাংশ সমস্যার সমাধান করেন। অবশিষ্ট বিষয়সমূহ দ্রুত সমাধানের আশ্বস্ত করেন তিনি।
বক্তব্যে পুলিশ সুপার সার্ভিস রুলস কঠোরভাবে মেনে চলে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন। এছাড়া মেসে মানসম্মত খাবার পরিবেশন, পোশাকের নিয়ম (ড্রেস রুলস) মেনে চলা, ছুটি ও টিএ বিলে স্বচ্ছতা, স্বাস্থ্য সচেতনতা, আবাসস্থলের পরিচ্ছন্নতা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং সেবাগ্রহীতা সাধারণ মানুষের সাথে সুব্যবহার নিশ্চিত করতে একগুচ্ছ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে নিজ নিজ ক্যাটাগরিতে চমৎকার ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
পাশাপাশি, দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি উপলক্ষে অবসরপ্রত্যাশী কনস্টেবল মোঃ আলী হায়দার সেখ-কে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ঐতিহ্যবাহী শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
উক্ত কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ বায়েজীদ ইসলাম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শাওন রেজা ও মোঃ ইমরান খান, সাতক্ষীরা পুলিশ হাসপাতালের ডা. আবু হোসেন, জেলা পুলিশ লাইন্সের আরআই, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, টিআই (অ্যাডমিন) সহ জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ছবি সংগৃহীত।

