স্ফুলিঙ্গ রিপোর্ট :
দেশের কৃষিকে বাঁচাতে এবং খাদ্য উৎপাদন নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ঘোষণা করেছেন, কৃষকদের সেচ কাজ সচল রাখতে প্রয়োজনে শহরের গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবে, তবুও ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ কোনোভাবেই বন্ধ করা হবে না।
শনিবার বিকেলে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই আমাদের সরকারের বর্তমান অগ্রাধিকার। গ্রামীণ জনপদে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে আমরা বদ্ধপরিকর।” বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও কৃষকদের কথা চিন্তা করে দেশে তেলের মূল্য বাড়ানো হয়নি বলে তিনি উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব সারাবিশ্বে পড়লেও সরকার দেশের কৃষকদের রক্ষায় বিশেষ নজর দিচ্ছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একটি নতুন উদ্যোগের ঘোষণা দিয়ে জানান, আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) থেকে পরীক্ষামূলকভাবে দেশের ১০টি জেলায় ‘কৃষক কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। জনগণের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিশ্রুতি রয়েছে, এই কার্ড সেই অঙ্গীকার বাস্তবায়নেরই একটি অংশ বলে তিনি মন্তব্য করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার ৩ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে পাটের বীজ এবং রাসায়নিক সার (এমওপি ও ডিওপি) তুলে দেওয়া হয়।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
ছবি-সংগৃহীত


