বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে স্থানীয় যুবকদের মেলবন্ধন দৃঢ় করার লক্ষ্যে একটি ব্যতিক্রমী আন্তঃযোগাযোগ কর্মশালা সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় কলাপাড়া অফিসার্স ক্লাবের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ‘জাগো নারী’র বাস্তবায়নাধীন ‘প্রদৃপ্ত’ প্রকল্পের উদ্যোগে এই বিশেষ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কেয়ার বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার বায়েজিদ বোস্তামির সভাপতিত্বে এবং জাগো নারী’র প্রজেক্ট ম্যানেজার জাফর আলমের সার্বিক সঞ্চালনায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস উল আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবা উদ্দিন খান দুলাল এবং সিনিয়র সাংবাদিক মিলন কর্মকার রাজুসহ আরও অনেকে।
এদিনের কর্মশালায় মূলত সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে তরুণদের মাঝে সচেতনতা তৈরি, সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যুবকদের সরাসরি যোগাযোগের পথ সুগম করা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে বিস্তারিত রোডম্যাপ তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, উক্ত সেমিনারে কলাপাড়ার লালুয়া ও মিঠাগঞ্জ ইউনিয়নের ১৮ জন যুব প্রতিনিধি ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস উল আজাদ বলেন, “তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে যুব উন্নয়ন অধিদপ্তর বর্তমানে ৪১টি ভিন্ন ভিন্ন ট্রেডে প্রফেশনাল ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিচ্ছে। স্থানীয় যুব সমাজ যেন এই সরকারি সুযোগ ও সেবাগুলো শতভাগ লুফে নিতে পারে, সে জন্য তাদের নিয়মিত উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সাথে যোগাযোগ রক্ষা ও সমন্বয় করার আহ্বান জানাচ্ছি।” উপস্থিত যুব প্রতিনিধিরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সরকারি সেবার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করার প্রত্যয় ব্যক্ত করেন। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

